বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
দেশের হতদরিদ্র ও কৃষক সমাজের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই যুগান্তকারী ও কাঙ্ক্ষিত কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
ফুলগাজীর মূল অনুষ্ঠানের পাশাপাশি দেশজুড়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাসহ দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় একযোগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত সরাসরি সম্প্রচার ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম এবং জেলা কৃষি অফিসার ড. মোঃ হাবিবুর রহমান।
উদ্বোধনী এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এই কল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষি খাতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।