সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে এক অনাড়ম্বর ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে জেলা পুলিশের সর্বস্তরের সদস্যরা উপস্থিত থেকে তাঁকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানান।
অনুষ্ঠানে পিরোজপুরে দায়িত্বপালনকালীন স্মৃতিকথা তুলে ধরে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, “পিরোজপুর জেলায় কর্মকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা বিধান, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন, দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার এবং মামলার সঠিক তদন্তে দিকনির্দেশনার পাশাপাশি পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সচেষ্ট ছিলাম। অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি।”
তিনি আরও বলেন, নিয়মিত পুলিশিংয়ের পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার মাধ্যমে সেবার মান উন্নয়নে বিভিন্ন কাজের সূচনা করা সম্ভব হয়েছে। দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য তিনি জেলা পুলিশের সকল সদস্য এবং পিরোজপুরের সর্বস্তরের জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
সংবর্ধনা সভায় পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ পর্বে সহকর্মীরা বিদায়ী পুলিশ সুপারের দক্ষ নেতৃত্ব, মানবিক আচরণ এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।