সকাল নারায়ণগঞ্জঃ
বিশ্বকাপের রুদ্ধশ্বাস এক ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচজুড়ে ছিল গোল, পাল্টা গোল, উত্তেজনা আর নাটকীয়তার ছড়াছড়ি। সেই রোমাঞ্চকর জয়ের পরপরই নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় নেমে আসে আর্জেন্টিনা সমর্থকদের ঢল। রাতভর চলে বিজয় মিছিল, উল্লাস আর উৎসব।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধের ৩০ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের দারুণ লংবল থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে এটি ছিল মেসির ২০তম গোল, যা আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়।
১-০ ব্যবধানে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৫৯ মিনিটে দুর্দান্ত এক শটে সমতা ফেরান দোরি দুয়ার্তে। এরপর দুই দলই একাধিক আক্রমণ চালায়। মেসির দুটি ফ্রি-কিক এবং একটি নিশ্চিত গোলের সুযোগ দারুণ দক্ষতায় রুখে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুতেই মেসির কর্নার থেকে ফিরতি বলে গোল করে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে।
শেষ পর্যন্ত ১১১ মিনিটে আবারও ত্রাতার ভূমিকায় মেসি। তাঁর নেওয়া নিখুঁত কর্নার থেকে শক্তিশালী হেডে জয়সূচক গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো। ম্যাচের শেষ মুহূর্তে কাবরালের বিপজ্জনক ফ্রি-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৩-২ গোলের জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং জায়গা করে নেয় বিশ্বকাপের শেষ ষোলোতে।
আর্জেন্টিনার এই নাটকীয় জয়ের খবর ছড়িয়ে পড়তেই নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় জড়ো হতে শুরু করেন শত শত সমর্থক। আকাশি-সাদা পতাকা হাতে নিয়ে তারা বিজয় মিছিল বের করেন। মোটরসাইকেল শোভাযাত্রা, করতালি, ঢোলের তালে নাচ এবং “মেসি… মেসি…”, “আর্জেন্টিনা… আর্জেন্টিনা…” স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো চাষাড়া এলাকা।
অনেক সমর্থক প্রিয় দলের জার্সি পরে এবং জাতীয় পতাকা কাঁধে নিয়ে আনন্দ-উল্লাসে অংশ নেন। কেউ কেউ আতশবাজি ফোটান, আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিজয়ের মুহূর্ত সবার সঙ্গে ভাগাভাগি করেন।
সমর্থকদের ভাষ্য, “বিশ্বকাপ মানেই মেসি, আর মেসি মানেই আবেগ। এমন রোমাঞ্চকর জয় আমাদের বিশ্বাস আরও শক্ত করেছে। এবারও আর্জেন্টিনাই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার।”
স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই চাষাড়ায় সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশ্ব ফুটবলের প্রতি ভালোবাসা কতটা গভীর। বিশ্বচ্যাম্পিয়নদের এই জয়কে ঘিরে গভীর রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়।