সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের বৃহত্তর আমলাপাড়া এলাকাবাসীর উদ্যোগে প্রায় ৭০০-এর অধিক পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টায় শহরের আমলাপাড়াস্থ সরদার টাওয়ারের নিচে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হানিফ সরদার।
ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সকাল থেকেই এলাকার শত শত মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কোরবানির গোশত সংগ্রহ করেন।
স্থানীয়রা জানান, নুরুল ইসলাম সরদার ও হানিফ সরদার সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। সামাজিক, মানবিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে তাদের সক্রিয় উপস্থিতি দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর কাছে প্রশংসিত।
এসময় নুরুল ইসলাম সরদার বলেন,
“ঈদের আনন্দ শুধু বিত্তবানদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় চেষ্টা করি এলাকার মানুষের পাশে থাকতে।”
হানিফ সরদার বলেন,
“মানুষের সেবা করাই সবচেয়ে বড় ইবাদত। অসহায় ও নিম্ন আয়ের মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই আমাদের এই ছোট্ট প্রয়াস।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
গোশত বিতরণ কার্যক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও পঞ্চায়েত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে ঘিরে এলাকায় মানবিকতা ও সম্প্রীতির এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।