সকাল নারায়ণগঞ্জঃ
অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ–২০২৬ এ সম্মাননা স্মারক অর্জন করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। এ অর্জনকে জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (১৩ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স এ আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলেই এই সম্মাননা অর্জন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভিন্ন ইউনিট প্রধান, সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই অর্জন আরও কার্যকর, জনবান্ধব ও আধুনিক পুলিশি সেবা প্রদানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।