সকাল নারায়ণগঞ্জঃ
পেশাগত দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা, সততা ও প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ–২০২৬” (IGP Badge) অর্জন করেছেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে বগুড়ার পুলিশ সুপারের বুকে এই মর্যাদাপূর্ণ ব্যাজ পরিয়ে দেন।
বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনে সততা, দক্ষতা, নেতৃত্বগুণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
এই অর্জনে বগুড়া জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন, পুলিশ সুপারের এই সম্মাননা পুরো জেলা পুলিশের জন্যই একটি অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বগুড়া জেলা পুলিশের সামগ্রিক কর্মস্পৃহা, জনসেবা ও পেশাদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার শক্তি যোগাবে।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর নেতৃত্বে ভবিষ্যতে আরও মানবিক, আধুনিক ও স্মার্ট পুলিশিং নিশ্চিত করতে বগুড়া জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে।
এদিকে, এই গৌরবময় অর্জনে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।