সকাল নারায়ণগঞ্জঃ
মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘খ’ গ্রুপে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (১২ মে) বেলা ১২টা ৩০ মিনিটে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এ অর্জনের ঘোষণা দেওয়া হয়।
২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এই অর্জনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়াকে একটি মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ আরও কঠোরভাবে কাজ করে যাবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখেই জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ।